রাজধানী ঢাকার জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ পলিথিন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, পলিথিনের ব্যবহার কমানো না গেলে রাজধানীর জলাবদ্ধতা নিয়ন্ত্রণ করা কঠিন হবে।
সোমবার (১৩ জুলাই) সকালে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম জানান, সাম্প্রতিক জলাবদ্ধতা সৃষ্টি হওয়া বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনের পথ পলিথিনে আটকে ছিল। পরে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা সেসব স্থান থেকে বিপুল পরিমাণ পলিথিন অপসারণ করেন। এ কারণে পলিথিনের ব্যবহার বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ঢাকার জলাবদ্ধতা নতুন কোনো সমস্যা নয় এটি দীর্ঘদিনের। রাজধানীর খালগুলোকে আগের অবস্থায় পুনরুদ্ধার করা গেলে এবং বৃষ্টির পানি দ্রুত বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীতে নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা করা গেলে জলাবদ্ধতা অনেকাংশে কমানো সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে আব্দুস সালাম জানান, রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে সাত দিনব্যাপী ‘ঢাকা উৎসব’ আয়োজন করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









