সড়কে শৃঙ্খলার অভাবে রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
রবিবার (২ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে দেখা যায়, কুড়িল বিশ্বরোড থেকে যানজট বনানী-কাকলী পর্যন্ত ছাড়িয়ে গেছে। অন্যদিকে মিরপুরের দিকে মাটিকাটা ফ্লাইওভার হয়ে যানজট ইসিবি চত্বর পর্যন্ত পৌঁছেছে।
এ সময় বিমানবন্দর সড়কের কুড়িল বিশ্বরোড এলাকায় বাসগুলোকে বিশৃঙ্খলভাবে যাত্রী ওঠানামা করতে দেখা যায়। পাশাপাশি কুড়িল ফ্লাইওভারে ওঠা এবং বিমানবন্দরের দিকে যাওয়ার সময়ও যানবাহনগুলো সড়কের লেন মেনে চলছিল না।
ফলে কুড়িল বিশ্বরোড থেকে বিমানবন্দরের দিকে এবং কুড়িল ফ্লাইওভারের ওপর যানজট তুলনামূলক কম থাকলেও পেছনের অংশে বনানী-কাকলী সড়ক এবং ইসিবি থেকে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত মাটিকাটা ফ্লাইওভারে তীব্র যানজট সৃষ্টি হয়।
তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। বেসরকারি চাকরিজীবী সাইফুল আবেদিন বাংলানিউজকে বলেন, ‘সরকার আসে, সরকার যায়—কেউ সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতের জন্য কাজ করে না।’
তিনি বলেন, বাসগুলো নিয়ম মেনে যাত্রী ওঠানামা করালে পেছনে এত যানজট তৈরি হতো না। একইভাবে বিমানবন্দরের দিকে যাওয়া গাড়িগুলো ডান দিকের লেন এবং কুড়িল ফ্লাইওভারে ওঠা গাড়িগুলো আগে থেকেই বাম দিকের লেন ব্যবহার করলে এ ধরনের যানজট থাকত না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









