যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের একটি জনপ্রিয় ফাস্টফুড রেস্তোরাঁয় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে একাধিক ব্যক্তি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) বিকেলে টুইন ফলস শহরে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নিহতদের মধ্যে বন্দুকধারী নিজেও রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ প্রধান ম্যাথিউ হিকস।
এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ প্রধান বলেন, ‘এটি অত্যন্ত বিশৃঙ্খল একটি পরিস্থিতি ছিল। আমরা বিশ্বাস করি, সাধারণ মানুষের জন্য আর কোনো হুমকি নেই।’ তিনি জানান, হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়ার প্রক্রিয়া চলছে।
লেন কোহেন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি রেস্তোরাঁর কাছের একটি ট্রাফিক সিগন্যালে ছিলেন। এ সময় এআর-স্টাইলের রাইফেল হাতে এক ব্যক্তিকে ড্রাইভ-থ্রু এলাকা থেকে বের হয়ে আসতে দেখেন। এরপর পিস্তল হাতে আরেক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালান। একই সময়ে রেস্তোরাঁর এক কর্মচারীকে বুকে গুলিবিদ্ধ এক নারীকে নিরাপদ স্থানে নিয়ে যেতে দেখেন তিনি।
শহরের মুখপাত্র জোশ পামার জানান, তদন্তকারীদের প্রাথমিক ধারণা, হামলাকারী একজনই ছিলেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে হামলার সঙ্গে অন্য কেউ জড়িত ছিলেন কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় আইডাহোর সিনেটর মাইক ক্রাপো গভীর শোক প্রকাশ করেছেন। দ্রুত উদ্ধারকাজ শুরু করায় স্থানীয় ফার্স্ট রেসপন্ডার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









