কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ধারালো হাসুয়ার কোপে নূর ইসলাম (৪৭) নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত নূর ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা বহলবাড়ীয়া এলাকার মৃত ওহাব মণ্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে নূর ইসলামের সাথে তার আপন ছোট ভাই হেলাল-এর বিরোধ চলছিল। এর জেরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে ছোট ভাই হেলাল ক্ষিপ্ত হয়ে ধারালো হাসুয়া দিয়ে বড় ভাই নূর ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
পরে স্থানীয়রা রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় নূর ইসলামকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, "জমি সংক্রান্ত বিরোধের কারণেই এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ছোট ভাই হেলালকে আটক করেছে।"
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









