পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ঢাকাকে আরও বাসযোগ্য করে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার বিভিন্ন স্থানে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
রাজধানীর বায়ুদূষণ কমানো ও প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনতে প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি চালানো হবে বলেও জানান তিনি।
সোমবার (১০ আগস্ট) রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে এসব কথা বলেন ডিএসসিসি প্রশাসক।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ডিএসসিসির আয়োজনে এবং পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মো. আবদুস সালাম বলেন, ঢাকা শহরে আগের মতো গাছপালা নেই। বর্তমানে বায়ুদূষণের দিক থেকে বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান ওপরের সারিতে, যা কারও কাম্য নয়। পরিবেশ সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকলে মানুষ নানা রোগব্যাধিতে আক্রান্ত হবে। প্রকৃতিকে রক্ষা এবং কার্বন ডাই-অক্সাইডের মাত্রা কমাতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।
মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের স্মৃতিচারণ করে তিনি বলেন, স্কুলে পড়ার সময় চারপাশে যে সুন্দর বাগান দেখেছেন, এখন আর সেই পরিবেশ নেই। ঝড়-ঝঞ্ঝার সময় সুন্দরবন যেমন বাংলাদেশের জন্য প্রাকৃতিক সুরক্ষা হিসেবে কাজ করে, গাছও তেমনি আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার আগেই পরিবেশ রক্ষায় দূরদর্শী পরিকল্পনা করেছিলেন। এরই ধারাবাহিকতায় সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দেওয়া হয়েছে। তবে পরিবেশবিদদের মতে, দেশের বর্তমান পরিস্থিতিতে আরও বেশি গাছ লাগানো প্রয়োজন।
ইতোমধ্যে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ৫০০টি এবং প্রতিটি নির্বাচনী এলাকায় ৫০০টি করে গাছের চারা বিতরণ করা হয়েছে বলে জানান তিনি। রোববার কামরাঙ্গীরচরে বৃক্ষরোপণ করা হয়েছে এবং আগামী দুই দিনের মধ্যে খিলগাঁওয়েও গাছ লাগানো হবে। এ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে বলেও জানান ডিএসসিসি প্রশাসক।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আগামী দিনে দেশের নেতৃত্ব তাদের মধ্য থেকেই আসবে। তাই এখন থেকেই নিজেদের সেভাবে গড়ে তুলতে হবে। পরিবেশ রক্ষায় প্রত্যেক শিক্ষার্থীকে নিজের বাড়ি, ছাদ কিংবা টবে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশের সভাপতি অধ্যাপিকা সৈয়দা ফাতেমা সালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এবং মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা ইয়াসমিন।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









