রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৪৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সবচেয়ে বেশি ১৩১ জন রয়েছেন। এছাড়া রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৩১, ওয়ারীতে ৯১, মতিঝিলে ৪৮, তেজগাঁওয়ে ৫১, গুলশানে ৪৫ এবং উত্তরা বিভাগে ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে গোয়েন্দা বিভাগে চারজন এবং সিটিটিসি বিভাগে দুজন গ্রেপ্তার হয়েছেন।
অভিযানের সময় দুটি দেশীয় তৈরি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ এবং চারটি চার্জারে থাকা চায়না রাইফেলের ৩৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ছাড়া অভিযানে ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা, এক কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭০ বোতল স্কাফ, একটি চাকু, একটি কাঁচি ও একটি ব্লেডের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, অভিযানে পাঁচটি মোবাইল ফোন, নগদ ৪ লাখ ৯৯ হাজার ৮৭০ টাকা, একটি হাতঘড়ি, ১৫৬ পিস তাস, একটি ট্রাক, একটি মোটরসাইকেল এবং একটি সিপিইউ উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









