রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিটের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে ফার্নিচারের গোডাউনটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সকাল ৯টা ১৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতি বিবেচনায় পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট রওনা হলেও সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসায় অতিরিক্ত ইউনিট দুটি পথ থেকেই ফিরে যায়।
এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









