কুষ্টিয়ার দৌলতপুরে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে রকি হোসেন (২২) নামের এক যুবককে একটি বিদেশি পিস্তল ও ককটেলসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটকের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে ওই যুবক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। আটক রকি হোসেন একই এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজনগর এলাকায় মাদকসেবী ও কারবারিদের উৎপাত বেড়ে যাওয়ায় গত বৃহস্পতিবার রাতে এলাকাবাসী একটি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করেন। এর জের ধরে শুক্রবার রাতে পার্শ্ববর্তী একটি বাঁশবাগানে মাদক কেনাবেচা ও সেবনের গোপন খবরে স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত হলে রকি ও তাঁর সহযোগীরা আতঙ্ক ছড়াতে গুলি ছোড়েন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। পরে এলাকাবাসী ধাওয়া দিয়ে অস্ত্রসহ রকিকে ধরে ফেলে গণপিটুনি দেয়, যাতে তাঁর একটি হাত ভেঙে যায়। তাঁর সঙ্গীরা অবশ্য পালিয়ে যেতে সক্ষম হয়।
সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত রকিকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, স্থানীয় জনতা একটি বিদেশি পিস্তল ও ককটেলসহ এক যুবককে পুলিশে দিয়েছে। গণপিটুনিতে আহত হওয়ায় তাঁকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের চিহ্নিত করতে তদন্ত চলছে এবং মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









