শরীয়তপুরে দিনের আলোতে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও কারাবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত এ মিছিলে শতাধিক নেতা-কর্মী অংশ নিয়েছেন বলে জানা গেছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে ভুলু এবং সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী সড়কে বিক্ষোভ মিছিল করছেন। মিছিল চলাকালে সড়কে অটোরিকশা, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়। মিছিলের পেছনে একটি ট্রাককে অপেক্ষমাণ অবস্থায়ও দেখা যায়।
ভিডিওতে মিছিলকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘চলছে লড়াই, চলবে’ এবং ‘শেখ হাসিনা লড়বে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় কয়েকজনের হাতে বাংলাদেশের জাতীয় পতাকাও দেখা যায়।
এদিকে, প্রকাশ্যে এমন বিক্ষোভ মিছিলের বিষয়ে আগে থেকে কোনো তথ্য পুলিশের কাছে ছিল না বলে জানিয়েছেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।
তিনি বলেন, “আজ ভোরে যে মিছিল হয়েছে, তা আমাদের জানা নেই। তারা যে বিক্ষোভ মিছিল করবে, এমন কোনো তথ্যও আমাদের কাছে আসেনি। আমরা বিষয়টি দেখছি।”
ওসি আরও বলেন, “মিছিলের স্থানটি পালং ও নড়িয়া থানার সীমান্তবর্তী এলাকা। তারা হুটহাট করে মোটরসাইকেল নিয়ে এসে কয়েক মিনিট মিছিল করে চলে যায়। বিষয়টি আমরা দেখছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পরও শরীয়তপুরে প্রকাশ্যে সংগঠনটির নেতা-কর্মীদের মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









