বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ২১তম ব্যাচের কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পাঁচ বছর পূর্তি উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিসিকের সম্মেলন কক্ষে কেক কাটার মধ্য দিয়ে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে ২১তম ব্যাচের প্রতিনিধি তানিয়া খাতুন বিসিক চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে ২১তম ব্যাচের কর্মকর্তাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে মহাব্যবস্থাপক ড. মোহাম্মদ ফরহাদ আহামেদ বলেন, বিসিকের ২১তম ব্যাচ একটি মেধাবী ও সম্ভাবনাময় ব্যাচ। এ ব্যাচের অনেক মেধাবী কর্মকর্তা বিসিকের বিভিন্ন পর্যায়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সরকারি পরিকল্পনা বাস্তবায়ন এবং বিসিকের কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি ২১তম ব্যাচের সকল কর্মকর্তাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
সম্প্রসারণ বিভাগের মহাব্যবস্থাপক সরোয়ার হোসেন বলেন, ২১তম ব্যাচের কর্মকর্তারা বিসিকের গুরুত্বপূর্ণ সম্পদ। নিজেদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে তাঁরা বিসিকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও জোরদার করতে পারেন। তিনি ২১তম ব্যাচের সকল কর্মকর্তার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
২১তম ব্যাচের প্রতিনিধি মাহবুব আলম তাঁর বক্তব্যে বলেন, চাকরিজীবনের পাঁচ বছর একটি দীর্ঘ সময় হলেও সময়ের পরিক্রমায় তা যেন চোখের পলকেই পেরিয়ে গেছে। একটি ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ বজায় রেখে সম্মিলিতভাবে বিসিকের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি কর্মকর্তাদের পেশাগত উন্নয়ন ও পদোন্নতির প্রত্যাশার কথা তুলে ধরে বিসিকের প্রশাসনিক সংস্কার এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সমাধানের উদ্যোগে তরুণ কর্মকর্তাদের সক্রিয় সহযোগিতার কথা জানান।
এ সময় ২১তম ব্যাচের কর্মকর্তা মেরাজুল মাইয়ান ব্যাচের কর্মকর্তাদের পেশাগত অগ্রগতি ও পদোন্নতির প্রত্যাশাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে ২১তম ব্যাচের ফাউন্ডেশন ট্রেনিং থেকে শুরু করে সাম্প্রতিক কক্সবাজার ভ্রমণ পর্যন্ত বিভিন্ন স্মরণীয় মুহূর্তের স্মৃতিচারণমূলক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে ২১তম ব্যাচের কর্মকর্তাবৃন্দ বিসিক চেয়ারম্যানকে টি-শার্ট ও স্মারক উপহার প্রদান করেন।
বিসিকের পরিচালক (প্রশাসন) মো. কামরুজ্জামান অনুষ্ঠানের আয়োজনের জন্য ২১তম ব্যাচের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিসিকের প্রশাসনিক কার্যক্রমে পদোন্নতি, প্রবিধান এবং প্রযুক্তিগত বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাসময়ে ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করার আহ্বান জানান। এর মাধ্যমে বিসিকের কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশে শিল্পায়নের ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিসিক চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ ২১তম ব্যাচের সকল কর্মকর্তাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, একটি প্রতিষ্ঠানের অগ্রগতির জন্য টিমওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২১তম ব্যাচের কর্মকর্তাদের কার্যক্রমে তিনি পারস্পরিক হৃদ্যতা ও সহযোগিতার চিত্র দেখতে পান।
বিসিকের কাজের ধারাবাহিকতা ও গতিশীলতা বজায় রাখতে এবং কর্মকর্তাদের মধ্যে বিদ্যমান উদ্যম ও উৎসাহকে আরও উজ্জীবিত করতে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাসময়ে ও যথাযথভাবে সম্পন্ন করলে বিসিক আরও শক্তিশালী হবে এবং এর মাধ্যমে কর্মকর্তাদের পেশাগত মর্যাদাও বৃদ্ধি পাবে।’ তাই নিজের দায়িত্ব ও কর্মদক্ষতার মাধ্যমে নিজ নিজ অবস্থানকে আরও সুদৃঢ় করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, ২১তম ব্যাচের কর্মকর্তারা তাঁদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিসিকের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
অনুষ্ঠানে বিসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ২১তম ব্যাচের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









