নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধের জেরে বাবুল মিয়াকে খুঁজতে গিয়ে তার দুই কলেজপড়ুয়া ছেলের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার পলখান বাজার এলাকায় শাহীন আকন্দ ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে আলতাফ হোসেন ডিজান ও সিফাতকে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ করা হয়েছে। তাদের রক্ষা করতে এগিয়ে গিয়ে সাত্তার নামে আরও এক যুবক হামলার শিকার হন। আহত তিনজনকেই রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ডিজানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, পলখান এলাকার বাবুল মিয়ার সঙ্গে একই এলাকার শাহীন আকন্দের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার রাতে শাহীন আকন্দসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বাবুল মিয়াকে খুঁজতে পলখান বাজারে যান।
ওসি আরও জানান, বাজারে বাবুল মিয়াকে না পেয়ে একটি দোকানে বসে থাকা তার দুই ছেলে আলতাফ হোসেন ডিজান ও সিফাতকে দেখতে পান হামলাকারীরা। এ সময় তাদের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। তাদের রক্ষা করতে এগিয়ে গেলে সাত্তার নামে আরও এক যুবককেও কুপিয়ে আহত করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ডিজানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বাবুল মিয়া বাদী হয়ে শাহীন আকন্দসহ নয়জনকে আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









