রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় পুলিশের বাস ডাম্পিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা। এতে টার্মিনালসংলগ্ন সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ জানায়, মহাখালী বাস টার্মিনাল এলাকায় যান চলাচল স্বাভাবিক, সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে পুলিশ বাস ডাম্পিং করে। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

অবরোধের কারণে মহাখালী বাস টার্মিনালসংলগ্ন সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে ওই এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে ডিএমপি।
এদিকে, মহাখালী এলাকায় সড়ক অবরোধের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটায় নগরবাসীকে ওই সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ করেছে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









