পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন পাবনা ও সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসার পরিবেশ, ওষুধের প্রাপ্যতা এবং স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সাধারণ মানুষ যাতে হাসপাতালে এসে যথাযথ ও মানসম্মত চিকিৎসাসেবা পান, সে জন্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. হালিমা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে অবদান ও কাজের স্বীকৃতিস্বরূপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। রোগীদের সঙ্গে মানবিক আচরণ এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









