‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিবের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিল্লাহ।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান। এ সময় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, ফায়ার সার্ভিসের ইনচার্জ মাফিকুল ইসলাম, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাগলা বাজার সমবায় সমিতির মনসুর আহমেদ, মৎস্যজীবী সমবায় সমিতির জমির উদ্দিন, মির্জাপুর উদয়ন সঞ্চয় সমবায় সমিতির মানিক রঞ্জন দাস, পাথারিয়া বাজার সমবায় সমিতির হারুনুর রশিদ এবং গণিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রাজু।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পারস্পরিক সহযোগিতা, সঞ্চয় ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমবায় সদস্যদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করে। তাই সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রেদুয়ান, সমবায়ী মাসুক মিয়া, মতিউর রহমান, মো. কিবরিয়াসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









