গাইবান্ধার চরাঞ্চলের বন্যা ও বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাড়ে ৮ হাজার পরিবারকে শর্তহীনভাবে ৬০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক সংস্থা গিভডিরেক্টলি। গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) বাস্তবায়নে ‘চয়েস, হোপ অ্যান্ড রেজিলিয়েন্স (চর) বাংলাদেশ পাইলট প্রকল্পের’ আওতায় এ অর্থ দেওয়া হবে। এ সহায়তার মাধ্যমে পরিবারগুলোর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, দারিদ্র্য মোকাবিলা ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
রোববার (৮ নভেম্বর) সকালে গাইবান্ধায় জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব তথ্য জানান গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস সালাম।
তিনি জানান, প্রকল্পের পাইলট পর্যায়ে ফুলছড়ি উপজেলার ফুলছড়ি, ফজলুপুর ও এরেন্ডাবাড়ি ইউনিয়ন এবং সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের মোট ৮ হাজার ৫০০ পরিবার এ সহায়তা পাবে। প্রতিটি পরিবারকে দুই কিস্তিতে মোট ৬০ হাজার টাকা দেওয়া হবে। প্রথম কিস্তিতে চলতি নভেম্বর মাসে ৯ হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তিতে আগামী ডিসেম্বর মাসে বাকি ৫১ হাজার টাকা বিতরণ করা হবে।
এম. আবদুস সালাম বলেন, প্রত্যেক পরিবার তাদের প্রয়োজন সবচেয়ে ভালো বোঝে। তাই সহায়তার অর্থ কোন খাতে ব্যয় করা হবে, সে সিদ্ধান্ত নেবেন উপকারভোগীরাই। এ ক্ষেত্রে কোনো নির্দিষ্ট খাত বা শর্ত আরোপ করা হবে না। কেউ ঘরবাড়ি মেরামত, গবাদিপশু পালন, ব্যবসা-বাণিজ্য, সন্তানের পড়াশোনা, ঋণ পরিশোধ কিংবা সঞ্চয়ের কাজে এ অর্থ ব্যয় করতে পারবেন।
তিনি আরও বলেন, শর্তহীন আর্থিক সহায়তা দরিদ্র পরিবারগুলোকে নিজেদের জীবন ও ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেয়। বড় অঙ্কের অর্থ একসঙ্গে পাওয়ায় এমন কিছু বিনিয়োগের সুযোগ তৈরি হয়, যা ছোট ছোট কিস্তিতে করা কঠিন। এর ফলে পরিবারের আয় ও সম্পদ বৃদ্ধির পাশাপাশি খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং বন্যা, অসুস্থতা ও অন্যান্য দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়বে। একই সঙ্গে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়বে।
প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলো চিহ্নিত করে সেখানকার শতভাগ পরিবারকে জরিপের অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট পরিবারগুলোর স্থায়ীভাবে বসবাসরত ১৮ বছর বা তার বেশি বয়সী সব সদস্যের তথ্য সংগ্রহ করা হয়েছে।
জিইউকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান বলেন, এ প্রকল্পের মাধ্যমে সাড়ে ৮ হাজার পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি চরাঞ্চলের মানুষকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) পরিচালক আবু সায়েম মো. জান্নাতুন নূর রিশাত এবং গিভডিরেক্টলির অ্যাসোসিয়েট ফিল্ড ম্যানেজার মো. রাশেদুল ইসলাম। প্রকল্পটি সমন্বয় করছেন সংস্থাটির সহকারী সমন্বয়কারী জয়া প্রসাদ।
অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ও গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আবদুস সালাম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









