ড্রেন ও খাল পরিষ্কার করার পর সেখানে আবার ময়লা ফেলা হলে কোনো সুফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। তিনি বলেন, খাল-ড্রেন দখল ও দূষণমুক্ত রাখার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়, নাগরিকদেরও নিতে হবে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ডিএসসিসির উদ্যোগে রাজধানীর কদমতলী থানাধীন ৬০ নম্বর ওয়ার্ডের জাপানি বাজার জিয়া সরণি খালের পাড় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি অনুষ্ঠানে মাদক নির্মূল, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট ও ড্রেন সংস্কার-উন্নয়ন এবং স্থানীয় নাগরিকদের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, এলাকার সমস্যা সমাধানে সরকার ও প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। খাল ও ড্রেন দখল-দূষণ বন্ধ, যত্রতত্র ময়লা না ফেলা, মাদক প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে জনগণের সহযোগিতা প্রয়োজন।
তিনি জানান, ডিএসসিসির সঙ্গে নতুন করে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের মধ্যে ৫৮, ৫৯, ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা সমাধানে ১৩০ কোটি টাকার একটি প্রকল্প সরকারের বিবেচনায় রয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে কাজ শুরু করা হবে।
পাশাপাশি ড্রেনের দুই পাশে জায়গা রেখে পাড় তৈরি করে মানুষের চলাচলের ব্যবস্থা করা হবে জানিয়ে তিনি বলেন, এর ফলে ভবিষ্যতে ড্রেন দখলের সুযোগ থাকবে না।
অবৈধ দখল ছেড়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে খাল ও ড্রেনের জায়গায় অবৈধ দোকানপাট না করার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক।
মাদক প্রতিরোধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে আবদুস সালাম বলেন, এ কাজে পুলিশ ও প্রশাসনকে নাগরিকদের সহযোগিতা করতে হবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে কোথাও যেন পানি জমে না থাকে, তা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়ে প্রশাসক বলেন, সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে শুধু ব্যাপকভাবে গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, শুধু সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। নাগরিকরা দায়িত্বশীলভাবে অংশ নিলে অনেক সমস্যাই ধীরে ধীরে সমাধান করা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের (সংরক্ষিত মহিলা আসন) সংসদ সদস্য শিরিন সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









