প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান (‘ক্লিনিং ডে’) পরিচালিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলস্থ এজিবি কলোনি এলাকায় এই ‘ক্লিনিং ডে’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম। ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের প্রত্যক্ষ নেতৃত্বে অঞ্চলভিত্তিক এই অভিযান পরিচালিত হয়।
উদ্বোধনী বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, "সিটি কর্পোরেশন সপ্তাহে ৭ দিনই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখবে, আর নাগরিক সমাজ ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান প্রতি শনিবার ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখবে। সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা গেলেই ডেঙ্গু সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব।" তিনি সরকারি আবাসিক এলাকায় নিরবচ্ছিন্ন পরিচ্ছন্নতা বজায় রাখতে গণপূর্ত অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে সরকারি ও বিরোধী দলসহ সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।
কর্মসূচি থেকে জানানো হয়, ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে প্রতি শনিবার ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে একইভাবে বিশেষ ‘ক্লিনিং ডে’ পরিচালিত হচ্ছে। এ কর্মসূচির মূল লক্ষ্য হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, মশক নিধন জোরদার করা এবং নগরবাসীর মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা।
অভিযানকালে ১০টি অঞ্চলের ৭৫টি ওয়ার্ডের বাসাবাড়ি, সড়ক, অলিগলি, ড্রেন, নির্মাণাধীন ভবন, পার্কিং এলাকা ও পরিত্যক্ত স্থাপনায় নিবিড় তদারকি চালানো হয়। জমা পানি অপসারণ ও এডিসের লার্ভা ধ্বংসের পাশাপাশি পানি জমার উপযোগী প্লাস্টিকের বোতল, ডাব-নারকেলের খোসা, টায়ার ও টব অপসারণ করা হয়। একই সঙ্গে এলাকাগুলোতে লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং প্রয়োগ করা হয়।
এছাড়া সচেতনতা বাড়াতে কর্মকর্তা-কর্মচারী, মশক নিধনকর্মী ও স্থানীয় নাগরিকদের অংশগ্রহণে ৭৫টি ওয়ার্ডেই একযোগে বর্ণাঢ্য র্যালি ও লিফলেট বিতরণ করা হয়। ডেঙ্গুর ঝুঁকি থেকে মুক্ত থাকতে নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর প্রতি জোর আহ্বান জানিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









