কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবাসহ একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় টেকনাফ থানার বড়ইতলী সংলগ্ন নাফ নদী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চলাকালীন ওই এলাকায় একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেয় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের আভিযানিক দল। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা দ্রুত নদীর তীরে বোটটি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দলটি বোটটিতে তল্লাশি চালিয়ে মাছ ধরার জালের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে এবং পাচারে ব্যবহৃত বোটটি জব্দ করে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা জানান, জব্দকৃত ইয়াবা ও ইঞ্জিনচালিত বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের অভিশাপ থেকে দেশকে মুক্ত রাখতে এবং সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









