ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় হাম ও রুবেলা (MR) টিকাদান থেকে বাদ পড়া শিশুদের শতভাগ টিকার আওতায় আনার লক্ষ্যে মাসব্যাপী ‘এমআর মপ-আপ ক্যাম্পেইন ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নগর ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ মপ-আপ ক্যাম্পেইন চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। এ সময়ে ডিএসসিসির সকল অঞ্চল ও ওয়ার্ডে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ২ লাখ ৪ হাজার শিশুকে অনুসন্ধানের আওতায় আনা হবে। বিশেষ করে কম টিকাদান কভারেজসম্পন্ন এলাকা, বস্তি, ভাসমান ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বাদ পড়া শিশুদের খুঁজে বের করে অগ্রাধিকার ভিত্তিতে এমআর টিকা দেওয়া হবে।
ডিএসসিসি কর্তৃপক্ষ জানায়, মূল ক্যাম্পেইন শুরুর পূর্বে ১৪ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত প্রাথমিক অনুসন্ধানে ইতোমধ্যে ৩,১১৫ জন বাদ পড়া শিশুকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২,৮৮৪ জন শিশুকে নিরাপদে টিকা প্রদান করা হয়েছে এবং অবশিষ্ট ২৩১ জন শিশুকে দ্রুত টিকার আওতায় আনার কাজ চলছে।
ডিএসসিসি এলাকার কোনো শিশু যেন হাম-রুবেলার টিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে মাঠপর্যায়ে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের সার্বিক সহযোগিতা করার জন্য অভিভাবক, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









