সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর আওতায় নবনিযুক্ত শিক্ষকদের পদায়নের সময়সীমা বাড়িয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পদায়ন আদেশ জারির সময়সীমা আগামী ১১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার(১ অক্টোবর) অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন নির্দেশনায় স্বাক্ষর করেন।
নির্দেশনায় বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ১৭ সেপ্টেম্বরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে নবনিযুক্ত শিক্ষকগণের পদায়ন আদেশ জারির সময়সীমা পূর্বনির্ধারিত ৪ অক্টোবরের পরিবর্তে ১১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।
এদিকে, ১ অক্টোবর যোগদানকারী শিক্ষকদের জন্য আগামী ৪ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ওরিয়েন্টেশন প্রশিক্ষণের আয়োজন করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ আয়োজন ও নবনিযুক্ত শিক্ষকদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে বলা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এ নির্দেশনা তিন পার্বত্য জেলা-রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ব্যতীত দেশের সব জেলার জন্য প্রযোজ্য হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









