দুর্গাপূজার টানা ৫ দিনের ছুটিতে বিশেষ সময়সূচিতে চলবে ঢাকার মেট্রোরেল এবং ছুটির দিনগুলোতে ১০ থেকে ২০ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। আগামী ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর স্বাভাবিক সময়সূচিতে ট্রেন চলাচল করলেও ২৩ অক্টোবর (শুক্রবার) মেট্রোরেল চলবে বিকাল থেকে।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগ এই নতুন নির্দেশনার কথা জানানো হয়েছে।
ডিএমটিসিএল প্রকাশিত সময়সূচি অনুযায়ী, নির্ধারিত চার দিনে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে।
দিনের বেশির ভাগ সময় ১০ থেকে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। তবে রাতে যাত্রীচাহিদা অনুযায়ী ট্রেন চলাচলের বিরতি বাড়িয়ে ১৫ থেকে ২০ মিনিট করা হবে। এই চার দিনে দুই দিক মিলিয়ে মোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।
২৩ অক্টোবর (শুক্রবার) উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল শুরু হবে বেলা ৩টায়। আর মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন চলবে বেলা ৩টা ২০ মিনিট থেকে। এদিন দুই দিক মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালিত হবে।
যাত্রীচাপ সামাল দিতে উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল। প্রয়োজন অনুযায়ী এসব ট্রেন চালু করে চলাচলের বিরতি সমন্বয় করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









