যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী ভ্যানের ওপর গরুবোঝাই নসিমন উল্টে পড়ে প্রাণ হারিয়েছে একই পরিবারের দুই ভাই-বোন। আহত হয়েছেন তাদের বাবা-মা ও নসিমনের চালকসহ চারজন।
সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকার কাউন্সিল রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো ঝিকরগাছা উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)। তাদের বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে দুর্গাপূজার মণ্ডপ দেখতে বের হয়েছিলেন সাধন কুমার। তারা একটি যাত্রীবাহী ভ্যানে করে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি নসিমনের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়। একপর্যায়ে নসিমনটি উল্টে ভ্যানের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় শিশু দুটির বাবা সাধন কুমার ও তাদের মা আহত হন। এ ছাড়া নসিমনের চালক ও এক যাত্রীও গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে নসিমনের চালককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহত শিশুদের পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। পূজা দেখতে গিয়ে একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের অবস্থা বর্তমানে ভালো। নিহত দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









