টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহত ও আহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে ছেড়ে আসা যমুনা এন্টারপ্রাইজের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে বাসটি মহাসড়কের উপজেলার পৌলি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাসের সামনে থাকা সুপারভাইজার এবং অজ্ঞাতপরিচয় এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও তিনজন।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
তিনি আরও জানান, তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের কাজ চলছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









