রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের ভেতরে এবং পল্লবী থানার ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকে এসব ঘটনা ঘটে।
সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণের বিষয়ে জানতে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ‘‘রাত সাড়ে ৭টার দিকে মালিবাগ মোড়ের কাছে উড়াল সড়ক থেকে সিআইডি কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সিআইডি কার্যালয়ের মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।’’
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘‘দুর্বৃত্তরা উড়াল সড়ক থেকে একটি ককটেল নিক্ষেপ করেছে। সেটা থানার মূল ফটকের সামনে বিস্ফোরিত হয়েছে।’’
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে পল্লবী থানার পাশের ফ্লাইওভারের উপর থেকে থানার প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপ করে। এতে বিস্ফোরণ ঘটলে থানার গেটের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে ককটেলের বিস্ফোরিত অংশের ছিটে লাগে। এতে তিনি সামান্য আহত হন।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন জানান, সংঘবদ্ধভাবে আট থেকে নয়টা ককটেল ফোটানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি, নীলক্ষেত, সিনেট ভবনের গেটে, বাংলাদেশ কুয়েত–মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মাঝখানের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা সোয়া ছয়টা থেকে পৌনে সাতটার মধ্যে এসব ককটেল বিস্ফোরিত হয়।
আটক ব্যক্তিরা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। তাদের মধ্যে রেজাউলের বাড়ি নাটোর জেলায়, সোহেলের বাড়ি রাজশাহীতে এবং নাজমুস সাদের বাড়ি গোপালগঞ্জে।
এর আগে সন্ধ্যা ছয়টার দিকে ভাটারা থানা এলাকায় দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের পরিবহন শাখার কর্মকর্তারা জানান, দুর্বৃত্তরা তাদের স্কুল বাসে আগুন দিয়েছে।
পুলিশের একটি সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিদেশে পলাতক নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছেন। দেশে আত্মগোপনে থাকা নেতা-কর্মীরা এসব কর্মসূচির অংশ হিসেবে গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আগামীকাল সোমবার দেশব্যাপী ধর্মঘটের কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার ঘটনা ঘটছে।
ঢাকায় ধারাবাহিক হাতবোমা বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার পেছনে নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য দেখছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
রবিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে ডিএমপির উপকমিশনার (মিডিয়া) আকতার হোসেন সাংবাদিকদের বলেন, ‘‘ওই গ্রুপটি নাশকতার উদ্দেশ্যে ও জনমনে আতঙ্ক তৈরি করতে কাজগুলো করছে।’’
তিনি বলেন, ‘‘প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধঘোষিত সংগঠন ও একটি দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যরা রয়েছেন। গোয়েন্দা সংস্থাগুলোর তদন্তের সঙ্গে সমন্বয় করে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির বিভিন্ন ধরনের মোবাইল টিম কাজ করছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









