দেশের জ্বালানি সংকট মোকাবিলায় কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে একটি সমুদ্র উপকূলে এবং দুটি মাতারবাড়ীতে স্থলভিত্তিক টার্মিনাল হিসেবে নির্মিত হবে। আগামী দুই বছরের মধ্যে এসব টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার।
রবিবার (৮ নভেম্বর) মহেশখালী ও মাতারবাড়ীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে প্রতিনিধিদলটি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ ধলঘাটা, মাতারবাড়ী ও রাজঘাট এলাকার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে।
ব্রিফিংয়ে এবিএম আব্দুস সাত্তার বলেন, উন্নয়ন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। যোগ্য ব্যক্তিদের চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। বর্তমান সরকারের আমলে মাতারবাড়ীতে আরও নতুন প্রকল্প গ্রহণ করা হবে।
তিনি বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের কাজ শেষ হলে দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে। আগের সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। বর্তমান সরকার দ্রুত এসব প্রকল্পের কাজ এগিয়ে নিতে চায়।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ সংশ্লিষ্ট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









