সমীকরণটা ছিল সহজ, ভুটানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে কিংবা ড্র করলেই সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা-ভুটান ম্যাচটি ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখে সপ্তমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
রবিবার (৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে ভুটান ও শ্রীলঙ্কার ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলে।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে শ্রীলঙ্কা। প্রথম ২২ মিনিটেই একাধিক সুযোগ তৈরি করতে পারলেও গোলরক্ষক গিয়েলছেন জাংপোর দৃঢ়তায় গোলের দেখা পায়নি লঙ্কানরা।
উল্টো ৩৪ মিনিটে দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় ভুটান। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। এক মিনিট পরই দূরপাল্লার শটে শ্রীলঙ্কাকে সমতায় ফেরান অলিভার কেলার্ট।
এরপর বিরতিতে যাওয়ার আগে ৪৩ মিনিটে কেলার্টের ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন আহমেদ ওয়াসিম রাজিক। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় শ্রীলঙ্কা।
দ্বিতীয়ার্ধেও দুই দলই গোলের চেষ্টা চালায়। তবে ম্যাচের ৭৬ মিনিটে গিয়েলছেনের গোলে সমতায় ফেরে ভুটান।
এরপর জয়ের জন্য দুই দলই চেষ্টা করলেও আর কোনো গোল আসেনি। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
এই ড্রয়ে বাংলাদেশের সেমিফাইনালের পথ নিশ্চিত হয়েছে। আর ড্র করায় ভুটানকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের দিকে।
কারণ বাংলাদেশ শ্রীলঙ্কাকে দুই গোলের ব্যবধানে হারালে ভুটান সেমিফাইনাল খেলতে পারবে। শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে ড্র করলেই গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনাল খেলতে পারবে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









