শ্রীদেবীর মৃত্যুর কয়েক মাস পরেই বলিউডে পা রেখেছিলেন কন্যা জাহ্নবী কাপুর। ২০১৮ সালে শশাঙ্ক খৈতানের ‘ধড়ক’ সিনেমা দিয়ে তার সফর শুরু।
কিন্তু অভিনয়জগতে জাহ্নবীর আসা নিয়ে প্রথম থেকেই খুব একটা আগ্রহী ছিলেন না প্রয়াত অভিনেত্রী। মেয়ে তার মতো অভিনেত্রী হোক, তা চাননি তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে মেয়ের সিদ্ধান্ত মেনে নিতে শুরু করেছিলেন শ্রীদেবী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়ে আসার বিষয়ে মায়ের সম্মতি পাওয়া নিয়ে কথা বলেন জাহ্নবী।
এক সাক্ষাৎকারে জাহ্নবী জানান, একদিন মাকে অভিনয়ে আসার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। প্রথমে বেশ অবাক হয়েছিলেন শ্রীদেবী।
পরে অবশ্য মেয়েকে সম্মতি দিয়ে বলেছিলেন, “ঠিক আছে, তবে এই কাজের জন্য তোমাকে নিজের পুরো জীবনটা দিয়ে দিতে হবে।”
এর পরেই অকপটে জাহ্নবী স্বীকার করেন, তার নাকে অস্ত্রোপচার হয়েছিল।
রসিকতা করেই অভিনেত্রী বলেন, “আগে মা একটু দ্বিধায় ছিলেন। তবে আমার নাকের অস্ত্রোপচারের পরেই বোধ হয় তার মনে হয়েছিল, আমার মধ্যে সম্ভাবনা রয়েছে।”
জাহ্নবী আরও জানান, সৌন্দর্যচর্চা এবং অস্ত্রোপচারের বিষয়টি তার বড় হয়ে ওঠারই একটা অংশ ছিল। কারণ, তার মা শ্রীদেবীও নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন।
জাহ্নবী জানান, মায়ের সেই সিদ্ধান্ত তাদের পরিবারের জীবনে বড় পরিবর্তন এনেছিল।
এর আগেও একাধিকবার জানিয়েছেন, সৌন্দর্য সম্পর্কে তার ধারণা তৈরি হওয়ার পিছনে মায়ের প্রভাব ছিল অনেকটাই।
নিজেরে অস্ত্রোপচার নিয়ে গত বছর মুখ খুলেছিলেন জাহ্নবী। একটি আলোচনাসভায় তিনি বলেছিলেন, “আমার মনে হয়, আমি যা করিয়েছি, তা খুব বুঝেশুনে, সংযতভাবে এবং যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে করেছি। অবশ্যই এ ক্ষেত্রে মায়ের পরামর্শ পেয়েছিলাম।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









