মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে গিজা প্রদেশে লাইনচ্যুত ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৮ জন। এতে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়।
রবিবার (৮ নভেম্বর) মিশরে গিজার আল-আইয়াত এলাকাং এই দুর্ঘটনা ঘটে।
মিশরের কর্মকর্তাদের বক্তব্য, মিশরের কায়রোর শহরের কাছে গিজা থেকে ফায়োউম যাওয়ার পথে একটি ট্রেন অন্য একটি ট্রেনের পিছনে ধাক্কা মারে। এই ট্রেনটি কায়রো থেকে আসওয়ান যাচ্ছিল।
তাদের দাবি, এর ফলে আসওয়ানগামী ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৮৮ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্রেনের সাহায্যে ট্রেনের ধ্বংসাবশেষ সরিয়ে নিয়ে যাওয়া হয়।
এই দুর্ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, পুরো পরিস্থিতি তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে এ ঘটনায় কারিগরি ত্রুটি বা দায়িত্বপ্রাপ্ত কর্মীদের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে জরুরি ভিত্তিতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। অবহেলার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার ঘোষণা দেন সিসি।
মিশরের রেল কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুত ঘটনাস্থল পরিষ্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন তারা।
সূত্র: রয়টার্স, এএফপি, আনন্দবাজার


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









