রাজধানী ঢাকার একাধিক এলাকায় ককটেল বিস্ফোরণ এবং ফার্মগেট ও মিরপুরে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ, বাঙলা কলেজসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর পোস্ট অফিসের সামনে রাত সাড়ে ৯টার দিকে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘বাসটিতে অগ্নিসংযোগের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’’
এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একই সময়ে সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, ফার্মগেটে বাসে অগ্নিসংযোগ এবং সাউথইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় দুটি বাসের মাঝের ফাঁকা জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সন্দেহভাজন আটক ব্যক্তি হলেন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জবি শাখার কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, ‘‘সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল, ওই সময় সেকেন্ড গেটে ককটেল বিস্ফোরণের কথা শুনেছি। আমরা ক্যাম্পাসে ছিলাম না। সিসিটিভি ফুটেজ চেক করে আমরা শনাক্ত করবো।’’
অন্যদিকে, রাজধানীর কোতোয়ালি থানাধীন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে উপস্থিত জনতা। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, মগবাজার ফ্লাইওভারে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় ককটেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। সোমবার রাতে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
রাজধানীর বাঙলা কলেজ ক্যাম্পাসের ফটকেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি ফটকের পাশের কয়েকটি দোকানে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকার পাশ থেকে ককটেলভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়।
এ ছাড়া রাজধানীর মালিবাগ মোড়, মগবাজার মোড়, আদাবর থানার টোকিও স্কয়ারের সামনে, যাত্রাবাড়ী ও গেন্ডারিয়া সংলগ্ন দয়াগঞ্জ ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









