ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা করা হয়েছে। এতে বিএনপির চারজন সংসদ সদস্যের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন প্রতিনিধি স্থান পেয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি নিজেই সংসদের কার্যক্রম পরিচালনা করেন।
ঘোষিত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন—নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, চট্টগ্রাম-১২ আসনের সরওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসন-৩-এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।
দলীয় পরিচয় অনুযায়ী, মো. শাহজাহান, সরওয়ার জামাল নিজাম, মুহাম্মদ নওশাদ জমির ও রাশেদা বেগম হীরা বিএনপির সংসদ সদস্য। অন্যদিকে শাহজাহান চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি।
সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকার উভয়েই অনুপস্থিত থাকলে সভাপতিমণ্ডলীর সদস্যদের জ্যেষ্ঠতার ক্রমানুসারে যেকোনো একজন সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন এবং সংসদের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









