অনিয়ম, অর্থ আত্মসাৎ, স্বাক্ষর জালিয়াতি ও সরকারি বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে গত ১৫ বছরে দেশের ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে এনজিওবিষয়ক ব্যুরো। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে সংস্থাগুলোর বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।
লিখিত জবাবে মন্ত্রী জানান, বিভিন্ন অনিয়ম ও অপরাধের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট এনজিওগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নির্ধারিত সময়ে নিবন্ধন নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ, নিবন্ধনের সময় দেওয়া শর্ত এবং ব্যুরোর আইনানুগ নির্দেশনা অমান্য করা। এ ছাড়া ভুয়া বা জাল অভিপ্রায়পত্র (এলওআই) জমা দেওয়ার অভিযোগও নিবন্ধন বাতিলের অন্যতম কারণ।
তিনি আরও জানান, এনজিওবিষয়ক ব্যুরো নির্ধারিত নীতিমালা ও সরকারি বিধিবিধান অনুসারে নতুন এনজিওর নিবন্ধন, নিবন্ধন নবায়ন, বৈদেশিক অনুদাননির্ভর প্রকল্প অনুমোদন, অর্থ ছাড় এবং প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম তদারকি করে থাকে।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে এনজিওবিষয়ক ব্যুরো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থেকে বিদেশি অনুদানপুষ্ট এনজিওগুলোর স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সমন্বয় করে আসছে।
মন্ত্রী জানান, সরকারের লক্ষ্য, নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনেও এনজিওগুলোর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বিশেষ করে দারিদ্র্য বিমোচন, ক্ষুধা দূরীকরণ, জনস্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত শিক্ষা বিস্তার, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং নারী নির্যাতন প্রতিরোধে এসব সংস্থা কাজ করছে।
এ ছাড়া নিরাপদ পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নসহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তনেও এনজিওগুলোর অবদান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তবে উন্নয়নমূলক কর্মকাণ্ডের আড়ালে কোনো সংস্থা বেআইনি কাজে জড়িত হলে তাদের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও সংসদে স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









