বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন সুপারস্টার সালমান খান। তার মতে, চিত্রাঙ্গদার সবচেয়ে ভালো গুণ হলো—তার মধ্যে কোনো ধরনের নিরাপত্তাহীনতা বা ইনসিকিউরিটি নেই। আসন্ন সিনেমা ‘মাত্রুভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সহ-অভিনেত্রীকে নিয়ে এ মন্তব্য করেন সালমান।
গত ৭ নভেম্বর মুম্বাইয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে এক সাংবাদিক সালমানের সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মার পর্দার রসায়নের প্রসঙ্গ তোলেন। একই সঙ্গে চিত্রাঙ্গদার সঙ্গে তার জুটি এবং অভিনেত্রীর বিশেষ গুণ সম্পর্কে জানতে চান।
জবাবে নিজের স্বভাবসুলভ রসিকতায় সালমান বলেন, ‘কেমিস্ট্রিতে পাঞ্চ আছে।’ এরপর চিত্রাঙ্গদার সবচেয়ে ভালো গুণ কী—এমন প্রশ্নে তিনি সংক্ষেপে বলেন, ‘কোনো ইনসিকিউরিটি নেই।’
সালমানের এই মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে হাসির সৃষ্টি হয়। পরে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
‘মাত্রুভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সালমান খান ও চিত্রাঙ্গদা সিং। অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত ছবিটি ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের সংঘর্ষের ঘটনা থেকে অনুপ্রাণিত।
সিনেমায় ভারতীয় সেনাবাহিনীর কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সালমান। তিনি ১৬ বিহার রেজিমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন এবং মৃত্যুর পর তাকে মরণোত্তর মহাবীর চক্র দেওয়া হয়। ছবিতে আরও অভিনয় করেছেন মুকেশ ঋষি, অঙ্কুর ভাটিয়া, জেইন শ ও অভিলাষ চৌধুরী।
প্রথমে ‘ব্যাটল অব গালওয়ান’ নামে ঘোষণা করা হলেও পরে ছবিটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাত্রুভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। সালমান খান ফিল্মসের প্রযোজনায় নির্মিত ছবিটি আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









