কক্সবাজারের টেকনাফে নাফ নদে মাছ শিকারের সময় দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মায়ানমারের রাখাইনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার (১৮ মে) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদ এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নৌকার মালিক নুরুল হাকিম ও আবছার উদ্দীন।
তারা জানান, সোমবার দুপুর ১২টার দিকে জেলেরা নাফ নদে মাছ ধরছিলেন। এ সময় মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকাকে ধাওয়া করে আটক করে। পরে অস্ত্রের মুখে চার জেলেকে নৌকাসহ রাখাইনের কাইচ্যং খালের দিকে নিয়ে যাওয়া হয়।
আটক জেলেরা হলেন - টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু তাহেরের ছেলে মো. মনির আহমেদ (৪৫), জাহাঙ্গীর আলমের ছেলে মো. ইয়াছিন (১৮), মৃত আব্দুন নবীর ছেলে আব্দুল মালেক ওরফে শফা (৫০) এবং জাফর আলমের ছেলে মো. জামাল হোসেন (৪০)।
টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান বলেন, “নাফ নদে মাছ শিকারের সময় আরাকান আর্মির সদস্যরা আমার এলাকার চারজন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। তাদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বলে জেনেছি।”
এদিকে নৌকার মালিকদের দাবি, জেলেরা নাফ নদেই মাছ ধরছিলেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জেলে জানান, আটক নৌকা দুটি নাফ নদীর শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছিল। তাদের ভাষ্য, অনেক বাংলাদেশি জেলে মাঝে মধ্যে আইন অমান্য করে শূন্যরেখা অতিক্রম করে মাছ শিকারে যান, ফলে তারা প্রায়ই ঝুঁকির মুখে পড়েন।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “নাফ নদে মাছ শিকারের সময় মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মি দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে গেছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ ও খোঁজখবর নেওয়া হচ্ছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









