সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় পুলিশ পাহারায় দাফন সম্পন্ন হয়েছে সুন্দরবনে বন বিভাগের গুলিতে নিহত জেলে আমিনুর গাজীর (৪১)। গত মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যার ঠিক আগে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামে নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হয়। এর আগে পুলিশি পাহারায় নিহতের লাশ এলাকায় নিয়ে আসা হয়।
এ সময় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব হোসেন, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান এবং গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাসুদুল আলমসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। নিহতের পরিবার জানিয়েছে, আমিনুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় আজ বুধবার (২০ মে) খুলনা জেলার কয়রা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তারা। অন্যদিকে, এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকেও কয়রা থানায় ইতোমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামানের নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিহত আমিনুর গাজীর বাড়িতে যান। ওই সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম ভার্চুয়ালি যুক্ত হয়ে শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং সান্ত্বনা দেন। প্রতিমন্ত্রী বলেন, "এ ঘটনার একটি সঠিক ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হবে।" এ সময় বিএনপির পক্ষ থেকে নিহতের পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে দুপুরের দিকে উপজেলা জামায়াতের একটি প্রতিনিধি দলও নিহতের পরিবারের সাথে সাক্ষাৎ করে আর্থিক সহায়তা প্রদান করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









