‘নিরাপদে রাখবো সম্পদ ও জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ।
আজ বুধবার (২০ মে) সকালে পটুয়াখালী সদর ফায়ার স্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তারেক হাওলাদার।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. দেওয়ান রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেল সুপার মোহাম্মদ আতিক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অপু সরোয়ার।
জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিসের প্রাতিষ্ঠানিক পতাকা উত্তোলন এবং আকাশে বেলুন-ফেস্টুন উড়িয়ে সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা নিজেদের জীবন বাজি রেখে যেকোনো দুর্যোগ ও সংকটে অত্যন্ত সাহসিকতার সাথে উদ্ধার কাজ পরিচালনা করেন। অগ্নিঝুঁকি হ্রাস ও দেশের সম্পদ রক্ষায় এই সংস্থাকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। একই সাথে ফায়ার ফাইটারদের যেকোনো উদ্ধার অভিযানে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত জরুরি ও কাম্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









