সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু জাহাঙ্গীর বাহিনী আবারও ১২ জেলেকে অপহরণ করেছে।
মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর এলাকার নদী থেকে বনদস্যুরা একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করে সুন্দরবনের অজ্ঞাতস্থানে আটকে রেখেছে।
ঐ জেলেদের মহাজন, শরণখোলার রাজাপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী তার নিজের নাম প্রকাশ না করার শর্তে দৈনিক এদিনকে বলেন, ‘‘মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে সুন্দরবনের ফুসফুসেরচরের কাছে সাগর মোহনায় মাছ ধরা অবস্থায় জেলেদের নৌকা ও ট্রলারে হামলা করে একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী।’’
অপহৃত জেলেরা হচ্ছেন, পাথরঘাটার রুহিতা এলাকার ইয়াসিন (২৫), মাসুম (৫৮), সেলিম (২৫), জাকির (২৮), হোসেন (৩০), তৌহিদ (২৮), ইয়াসিন (২০), মাহবুব (২৪), হানিফ (৩৫), হৃদয় (২৬), ইব্রাহিম (৪০) ও সুমন (২৭)। এছাড়াও দস্যুদের কব্জায় আরও কয়েকজন জেলে আটক রয়েছে বলে জানান তিনি।
সশস্ত্র দস্যুরা সংখ্যায় ১৫/১৬ জন এবং বিশেষ এক ধরনের পোশাক পরা ছিলো বলে ঐ মহাজন জানান।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, ট্রলারসহ ১২ জেলে অপহরণের খবর শেলা ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান তাকে জানিয়েছেন। শেলা অফিসের বনরক্ষীরা রাতেই দস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। কিন্তু অপহৃতদের উদ্ধার করা সম্ভব হয়নি। দস্যুরা ঐ জেলেদের অপহরণ করে গভীর বনে লুকিয়ে রেখেছে। বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. শামিনুল হক জানান, এ ধরনের তথ্য এখনো কেউ তাকে অবহিত করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









