বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে মোস্তাকিন (১৫) নামে নবম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিন উপজেলার ঘুঘুমারী এলাকার মৃত জয়নালের ছেলে এবং নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ মে বিকেলে নওখিলা পিএন উচ্চ বিদ্যালয় মাঠে ঘুঘুমারী গ্রামের ৫ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ডের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন খেলোয়াড়দের মাঝে ফাউল করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়।
উক্ত বিরোধটি স্থানীয়ভাবে মীমাংসা করার লক্ষ্যে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উভয় পক্ষের লোকজন নওখিলা পিএন উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হন। সালিশ বৈঠক শুরুর আগেই হঠাৎ বিদ্যালয়ের সামনের রাস্তায় উত্তেজিত হয়ে ওঠেন প্রতিপক্ষের লোকজন। একপর্যায়ে ঘুঘুমারী দক্ষিণপাড়া এলাকার সাহা আলীর ছেলে সাহাদত (১৬), মৃত পাচু মন্ডলের ছেলে সাহা আলী এবং সিফার উদ্দিন মন্ডলের ছেলে মাহমুদুল হাসান লিখনসহ কয়েকজন মোস্তাকিনকে মারধর শুরু করেন। মারধরের একপর্যায়ে অভিযুক্ত শাহাদত মোস্তাকিনের পেটে ছুরিকাঘাত করে সহযোগীদের নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরবর্তীতে উপস্থিত লোকজন রক্তাক্ত অবস্থায় মোস্তাকিনকে উদ্ধার করে দ্রুত সিএনজিচালিত অটোরিকশাযোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা ভিকটিমকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









