সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪৫ বছর পূর্বে পিরোজপুরে আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে দোয়া, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে পিরোজপুর সদর উপজেলার চলিশা এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। ১৯৮১ সালের ২১ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই এলাকায় একটি খাল খনন কর্মসূচির উদ্বোধনে এসেছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
৫ নম্বর টোনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাঈনুল হাসান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা, কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘‘১৯৮১ সালের ২১ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান চলিশা এলাকায় গণ খাল খনন কার্যক্রমে অংশ নিতে পিরোজপুরে এসেছিলেন। তিনি নিজ হাতে মাটি কেটে গ্রামীণ জনপদের এই খালের কাজ শুরু করেছিলেন, যা আজও বহমান রয়েছে। তার সেই উন্নয়নমুখী আদর্শকে সামনে রেখেই জেলা পরিষদের পক্ষ থেকে এই এলাকায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।’’
তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
শেষে অতিথিরা চলিশা এলাকায় চারা রোপণ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









