চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৃথক দুই ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) উপজেলার এরশাদপুর ও হাঁপানিয়া গ্রামে এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন, আলমডাঙ্গা পৌর এলাকার মৃত খন্দকার এনামুল হকের ছেলে হৃদয় হোসেন (২২) এবং হাঁপানিয়া দক্ষিণপাড়ার মৃত আলীহিম বিশ্বাসের ছেলে আশরাফ আলী (২৭)।
আলমডাঙ্গা থানার উপপরিদর্শক মেহেদী হাসান নিহতের পরিজনদের সাথে কথা বলে জানান,, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের এরশাদপুর গ্রামের মক্তবপাড়ায় মোটরের মাধ্যমে পুকুরের পানি নিষ্কাশনের কাজ করছিলেন হৃদয় হোসেন। কাজ চলাকালে মোটরে পানি না আসায় তিনি মোটরটি উঁচু করে ধরার চেষ্টা করেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একইদিন সকাল ৭টার দিকে আলমডাঙ্গা উপজেলার হাঁপানিয়া দক্ষিণপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে আশরাফ আলী নামের আরেক যুবকের মৃত্যু হয়।
উপপরিদর্শক আরো জানান, নিজ বসতঘরের ছাদে বিচালি বিছানোর কাজ করছিলেন আশরাফ আলী। এসময় ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার অসাবধানতাবশত তার পায়ে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, আলমডাঙ্গার পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









