স্বরূপকাঠী পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে উন্নয়নের পাশাপাশি উপজেলার সার্বিক শান্তি ও সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
শুক্রবার (২২ মে) তার ফেসবুক পেইজে হে স্ট্যাটাস দেন তিনি।
তার স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, “উন্নয়ন যদি একটু কমও হয় তাতেও চলে, যদি পুরো উপজেলায় শান্তি বিরাজ করে এবং কোনোভাবে শান্তি বিনষ্ট না হয়।” তিনি বলেন, মানুষের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই সবচেয়ে বড় বিষয়।
কাজী কামাল হোসেন তার বক্তব্যে বিভিন্ন অনিয়ম ও সমস্যার দিক তুলে ধরে বলেন, শালিসি বাণিজ্য, চাঁদাবাজি, দলীয় প্রভাব খাটানো, মানুষকে ভয়-ভীতি প্রদর্শন এবং মব সৃষ্টি বন্ধ করতে হবে। একই সঙ্গে বাসস্ট্যান্ডে যাত্রী হয়রানি এবং খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, “মুখে নয়, বাস্তবে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।” এছাড়া সরকারি ও আধা-সরকারি সেবা প্রতিষ্ঠানে সেবাগ্রহীতাদের সহজে সেবা পাওয়ার নিশ্চয়তা নিশ্চিত করার দাবি জানান।
শিক্ষা খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে এবং শিক্ষকদের দলীয় পরিচয় ব্যবহার করে পাঠদান থেকে বিরত থাকার আহ্বান জানান। এ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসের শেষাংশে কাজী কামাল হোসেন বলেন, এসব সমস্যার সমাধান করতে পারলে উন্নয়ন কিছুটা কম হলেও সাধারণ মানুষের জীবনযাত্রা স্বস্তিদায়ক হবে।
স্থানীয় মহলে তার এই বক্তব্য নিয়ে আলোচনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, উন্নয়নের পাশাপাশি সামাজিক শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করার বিষয়টি বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









