খাগড়াছড়ির দীঘিনালায় মাহিন্দার ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. সোহেল (২৫) নামের এক যুবক নিহত ও নারীসহ আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (২৩ মে) বিকেলে দীঘিনালা-মেরুং সড়কের বেতছড়ি আর্মি ক্যাম্পের পাশের এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়দের ভাষ্য, চলন্ত মাহিন্দারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক যুবককে মৃত ঘোষণা করেন। নিহত সোহেল তিনি মধ্য বেতছড়ি গোরস্থান পাড়া এলাকার মোতালেবের ছেলে।
আহতরা হলেন— সাদিয়া মনি, তাসলিমা খাতুন ও আব্দুল কাদির। তাদের সবার বাড়ি বেতছড়ি এলাকায় বলে জানা গেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









