পবিত্র ঈদুল আজহা উৎসবমুখর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে গাইবান্ধা জেলাজুড়ে ব্যাপক নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প।
শনিবার (২৩ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা ক্যাম্পের কোম্পানি কমান্ডার, সহকারী পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন পশুর হাটে ক্রেতা, বিক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। হাটে অতিরিক্ত মানুষের সমাগমকে পুঁজি করে যাতে কোনো ধরনের চুরি, ছিনতাই, জাল টাকার লেনদেন, মলম পার্টি বা অজ্ঞান পার্টির তৎপরতা এবং আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে, সে লক্ষ্যে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পশুর হাটগুলোতে সাদা পোশাকে র্যাব সদস্য মোতায়েন করার পাশাপাশি জাল টাকার প্রতারণা রোধে বিশেষ ‘জাল নোট সনাক্তকরণ মেশিন’ দিয়ে অভিযান পরিচালনা করা হবে।
ঈদ উপলক্ষে ঘরে ফেরা সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের হয়রানি রোধে মহাসড়ক (হাইওয়ে) এবং বাস টার্মিনালগুলোতে র্যাবের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
এছাড়া, গাইবান্ধা জেলায় অনাকাঙ্ক্ষিত চুরি-ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধকল্পে এবং ঘরমুখী মানুষের নিরাপত্তা দিতে বিশেষ বিশেষ রাস্তা ও মোড়ে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। বেআইনি পণ্য ও অস্ত্র পরিবহন রোধে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে পুলিশের সাথে সমন্বয় করে কাজ করছে র্যাব। শপিং মল, বিপণি বিতান ও বাজারগুলোতে জাল টাকার বিস্তার রোধের পাশাপাশি অবৈধ মজুতদারি প্রতিরোধ ও পণ্যের মান নিয়ন্ত্রণে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









