নেশামুক্ত সমাজ গড়ার বার্তা ছড়িয়ে দিতে সাইকেল চালিয়ে বাংলাদেশ ভ্রমণে এসেছেন নেপালের তরুণ বিশ্বাস রয় (২৫)। নেপালের ইলাম জেলার বাসিন্দা এই তরুণ এক মাসব্যাপী সাইকেল ভ্রমণে বাংলাদেশের বিভিন্ন জেলা ঘুরে দেখছেন।
শনিবার (২৩ মে) সন্ধ্যায় তিনি সৈয়দপুরে পৌঁছান এবং শহরে কলিম মোড় এলাকায় তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। আজ রবিবার (২৪ মে) সকালে ঢাকার উদ্দেশ্যে সাইকেল করে রওনা দেন বিশ্বাস রয়।
জানা গেছে, বিশ্বাস রয় গত ১৮ মে নেপাল থেকে যাত্রা শুরু করেন। এরপর ভারতের শিলিগুড়ি থেকে বাংলাবান্ধা হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। সীমান্ত পেরিয়ে তিনি সাইকেল চালিয়ে দেশের বিভিন্ন অঞ্চল ঘুরছেন। ভ্রমণের অংশ হিসেবে তিনি সৈয়দপুর শহরের কলিমোড়ে অবস্থানকালে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং নিজের ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেন।
রবিবার (২৪ মে) কথা হয় তার সাথে। তিনি জানান, এই সাইকেল ভ্রমণের মূল উদ্দেশ্য হচ্ছে তরুণ সমাজকে নেশা ও মাদক থেকে দূরে থাকার বার্তা পৌঁছে দেওয়া।
তার ভাষায়, বর্তমান সময়ের অনেক তরুণ ভুল পথে চলে যাচ্ছে। নেশা শুধু একজন মানুষকেই ধ্বংস করে না, বরং পরিবার ও সমাজের ওপরও ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলে। তাই তরুণদের উচিত সুস্থ ও ইতিবাচক জীবনধারার দিকে এগিয়ে আসা।
বিশ্বাস রয় বলেন, ‘‘পৃথিবী অনেক সুন্দর। এই সৌন্দর্য জানতে হলে ঘুরতে হবে। সাইকেল ভ্রমণ মানুষকে নতুন নতুন জায়গা দেখার সুযোগ দেয়। বিভিন্ন সংস্কৃতি, মানুষ ও জীবনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এই অভিজ্ঞতাগুলো একজন তরুণকে ভালো পথে চলতে অনুপ্রাণিত করতে পারে। বাংলাদেশের মানুষ ও পুলিশের আতিথেয়তায় মুগ্ধতার কথাও জানান তিনি।’’
তিনি বলেন, ‘‘বাংলাদেশে প্রবেশের পর এক স্টেশনে আমি কিছু সময় অবস্থান করছিলাম। তখন সেখানকার পুলিশ সদস্যরা আমার খাবার, বিশ্রাম ও থাকার ব্যবস্থা করেন। এমনকি প্রয়োজনে যোগাযোগ করার জন্য নিজেদের মোবাইল নম্বরও দিয়েছেন। আমি সত্যিই অবাক হয়েছি। এখানকার মানুষ খুব আন্তরিক, সহযোগিতাপ্রবণ ও বন্ধুসুলভ।’’
বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন এই নেপালী তরুণ। তিনি বলেন, ‘‘বাংলাদেশে প্রবেশ করার পর চারদিকে সবুজ ধানক্ষেত, গাছপালা আর প্রকৃতির সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। এত সবুজ পরিবেশ আমি কল্পনাও করিনি। আমাদের নেপালেও এমন বিস্তীর্ণ সবুজ খুব কম দেখা যায়। বাংলাদেশ সত্যিই এক প্রাকৃতিক স্বর্গ।’’
তিনি আরও জানান, বাংলাদেশ সফরের পুরো সময় তিনি সাইকেলেই ভ্রমণ করবেন। দেশের বিভিন্ন জেলা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন এবং তরুণদের সুস্থ জীবনের বার্তা পৌঁছে দেবেন।
বাংলাদেশের তরুণদের উদ্দেশে বিশ্বাস রয় বলেন, ‘‘আমি যেখানেই গিয়েছি, সেখানেই তরুণরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। এই আন্তরিকতা আমি কখনও ভুলব না। বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে আরও অনুপ্রাণিত করেছে।’’
জানা যায় এক মাসের ভ্রমণ ভিসা আছে। এই এক মাস তিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ঘুরবেন, সবুজায়ন উপভোগ করবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









