মৃতদের শেষ আশ্রয়ও রক্ষা পেল না। জীবিতদের মতো এবার মৃতদেরও শান্তিতে থাকতে দিল না দুর্বৃত্তরা। রাতের আঁধারে কবর খুঁড়ে একে একে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে ৯টি কঙ্কাল। এমন মর্মান্তিক ও ন্যাক্কারজনক ঘটনায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টেকিবাড়ী চানপুর এলাকায় নেমে এসেছে ক্ষোভ ও আতঙ্ক।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টেকিবাড়ী চানপুর কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে স্থানীয়রা একাধিক কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে জানা যায়, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা ৯টি কবর খুঁড়ে সেখান থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার তদন্ত শুরু করে।
স্থানীয় সূত্রে জানা যায়, টেকিবাড়ী চানপুর কেন্দ্রীয় কবরস্থানে প্রায় অর্ধশত কবর রয়েছে। চারদিকে বেষ্টনী থাকা সত্ত্বেও দুর্বৃত্তরা গভীর রাতে কবরস্থানে প্রবেশ করে এ চুরির ঘটনা ঘটায়। সকালে কবরস্থানের পাশ দিয়ে যাওয়া লোকজন কবরের ওপর খোঁড়া মাটি ও ছড়িয়ে থাকা বাঁশ দেখে ভেতরে প্রবেশ করলে ঘটনাটি প্রকাশ্যে আসে।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, রাত ১০টার দিকে আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সবকিছু স্বাভাবিক ছিল। গভীর রাতে লোকজনের চলাচল না থাকায় দুর্বৃত্তরা সুযোগ নিয়ে এমন ঘটনা ঘটিয়েছে। আমাদের গ্রামের কয়েকজন স্বজনের কঙ্কাল চুরি হয়ে গেছে।
সূত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলাইমান হোসেন মিন্টু বলেন, “সকালে বিষয়টি জানতে পেরেছি। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে। একই সঙ্গে দ্রুত দোষীদের আইনের আওতায় আনতে পুলিশের সহযোগিতা কামনা করছি।”
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “কবরস্থান থেকে কঙ্কাল চুরির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









