সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত সরকারের আমলে অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে জনপ্রশাসন সভাকক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদৌলা।
বৈঠকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা ভূমির মালিকানা সমস্যা সমাধানে ভূমি কমিশন গঠন, সাংবিধানিক স্বীকৃতি, জাতীয় কনভেনশন আয়োজন, সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন, উচ্ছেদ বন্ধ এবং ঋণ সুবিধাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী দেশের অবিচ্ছেদ্য অংশ। তার সরকার এমন একটি বাংলাদেশ গড়তে কাজ করছে, যেখানে কোনো জাতি বা গোষ্ঠীর মধ্যে বৈষম্য থাকবে না।
তিনি বলেন, ‘আমাদের ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ধ্বংস করে যাওয়া হয়েছে। প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এভাবে অর্থ পাচার না হলে আপনাদের অনেক সমস্যা সমাধান হয়ে যেত।’
তারেক রহমান বলেন, সরকার পর্যায়ক্রমে সমাধানযোগ্য বিষয়গুলো সমাধানের চেষ্টা করছে। দেশের বিদ্যমান নানা সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, অনেক সমস্যা আগেই সমাধান করা সম্ভব ছিল।
বৈঠকে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, স্বাস্থ্যসেবার অবকাঠামো বৃদ্ধি এবং জরুরি চিকিৎসা সরঞ্জামের ওপর কর কমানোর বিষয়েও সরকারের উদ্যোগ তুলে ধরা হয়।
বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে ১৭ জেলার ১৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









