গাইবান্ধা সদর উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৬ খ্রিষ্টাব্দের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৪ মে) সকালে গাইবান্ধা সদর এল.এস.ডি (লোকাল সাপ্লাই ডিপো) চত্বরে এই সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও সদর উপজেলা খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বোরো সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
তিনি বলেন, “কৃষকদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং সরকারি খাদ্য গুদামে মানসম্মত খাদ্যশস্য সংগ্রহ করতে প্রশাসন সম্পূর্ণ স্বচ্ছতার সাথে কাজ করছে। কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা দালাল চক্র যেন প্রকৃত কৃষকদের অধিকার ক্ষুণ্ন করতে না পারে, সে ব্যাপারে খাদ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনকে কঠোর নজরদারি রাখতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) মো. মিজানুর রহমান।
এছাড়াও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবারের বোরো সংগ্রহ অভিযানে সম্পূর্ণ আধুনিক ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। কৃষকদের অধিকার সুরক্ষায় ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। জেলায় তালিকাভুক্ত প্রকৃত কৃষকদের প্রথমে অনলাইনের মাধ্যমে ডিজিটাল নিবন্ধন করা হয়েছে।
নিবন্ধিত কৃষকদের মধ্য থেকে সম্পূর্ণ নিরপেক্ষ লটারির মাধ্যমে চূড়ান্ত বিক্রেতা নির্বাচন করা হচ্ছে। চলতি মৌসুমে জেলায় মোট ৯,৫০০ মেট্রিক টন ধান এবং ২৬,০০০ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, নির্ধারিত সরকারি মূল্যে সরাসরি প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করার এই উদ্যোগ স্থানীয় কৃষকদের অর্থনৈতিকভাবে দারুণ লাভবান করবে এবং বাজারে ধানের সঠিক মূল্য বজায় রাখতে সহায়তা করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









