শিশু রামিসা হত্যাসহ দেশব্যাপী অব্যাহত শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচার কার্যকরের দাবিতে বরিশালে ‘শিশুবন্ধন’ কর্মসূচি পালন করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর।
রোববার (২৪ মে) সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে কেন্দ্রীয় কমিটির আহ্বানে খেলাঘর বরিশাল জেলা কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মী, শিশু-কিশোর, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, শিশু রামিসা হত্যার মতো নির্মম ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য গভীর উদ্বেগ ও লজ্জার বিষয়। দেশে ধারাবাহিকভাবে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা বাড়তে থাকলেও অনেক ক্ষেত্রে বিচার দেরীতে হওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে। দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।
বক্তারা আরও বলেন, একটি শিশু নিরাপদ না থাকলে সমাজ কখনোই নিরাপদ হতে পারে না। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে শিশু সুরক্ষায় কাজ করতে হবে। শিশুদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।
এসময় অংশগ্রহণকারীরা শিশু নির্যাতন ও হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। একইসঙ্গে দেশব্যাপী শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন ও যৌন নিপীড়ন বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









