পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে এলেও রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সংলগ্ন নিলা মার্কেট পশুর হাটে এখনো জমেনি বেচাকেনা। টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে এই পশুর হাটে ক্রেতাদের উপস্থিতি কম থাকায় দুশ্চিন্তায় পড়েছেন খামারি ও পাইকাররা।
সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকে করে হাজারো গরু নিয়ে হাটে অবস্থান করছেন ব্যবসায়ীরা। তবে ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম। যারা আসছেন, তাদের বেশিরভাগই দাম যাচাই করে ফিরে যাচ্ছেন। কাদামাটিতে ভরা হাটের পরিবেশও ক্রেতাদের নিরুৎসাহিত করছে।
কুষ্টিয়া থেকে গরু নিয়ে আসা পাইকার রহমত আলী বলেন, ‘‘সারা বছর ঈদের আশায় গরু লালন-পালন করি। অনেক খরচ করে হাটে এনেছি। কিন্তু আবহাওয়ার কারণে বেচাকেনা না হলে বড় ক্ষতির মুখে পড়তে হবে।’’
পাইকারদের দাবি, প্রতিদিন পশুর খাবার, শ্রমিক ও পরিবহন খরচ বাড়ছে। কাঙ্ক্ষিত দামে গরু বিক্রি না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
তবে হাট কর্তৃপক্ষ বলছেন, বৃষ্টির কারণে সাময়িক ধীরগতি তৈরি হলেও শেষ মুহূর্তে ক্রেতাদের চাপ বাড়বে। হাটের পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
সংশ্লিষ্টদের আশা, আবহাওয়া অনুকূলে ফিরলে শেষ সময়ে জমে উঠবে বেচাকেনা, ফিরবে ঈদ বাজারের চিরচেনা প্রাণচাঞ্চল্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









