কক্সবাজারের উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৪০ লাখ টাকা।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে উখিয়ার সীমান্তবর্তী কাটাখাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম ১৮-এর প্রায় তিন কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এবং বিওপি থেকে প্রায় তিন কিলোমিটার পূর্ব-দক্ষিণে বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল এলাকায় অবস্থান নেয়।
পরে দুপুরে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা হাতে থাকা কাপড়ে মোড়ানো তিনটি পোটলা ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি পোটলার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে রাখা নীল রঙের বায়ুরোধী মোড়কে থাকা ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ‘‘পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









