খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে উপজেলার কবাখালী ইউনিয়নের নকশী পল্লী রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই প্রাণতোষ বনিকের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়। এ সময় সন্দেহজনক অবস্থায় থাকা টিটু চাকমা (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক টিটু চাকমা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ঝগড়াবিল এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সাজেক ইউনিয়নের ১০ নং পাড়ায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এসআই প্রাণতোষ বনিক বাদী হয়ে দীঘিনালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণি ১০ (ক) ধারায় রুজু করা হয়েছে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘‘মাদক নিয়ন্ত্রণে দীঘিনালা থানা নিয়মিত অভিযান পরিচালনা করছে। ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের বিস্তার রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’’
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









